ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনীর দাগনভূঞায় সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে নুর মোহাম্মদ (১৪) নামের এক কিশোর। এ ঘটনায় তার বাবা নুর আলম (৫৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা অংশের চৌধুরী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হতাহতরা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা দাগনভূঞা এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাহরি শেষ করে বাবা ও ছেলে সড়কের পাশ দিয়ে হেঁটে স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কিশোর নুর মোহাম্মদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা নুর আলমকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ