মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাত ও উত্তেজনা নিরসনে স্থায়ী শান্তির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (২ মার্চ) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক ফোনালাপে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। ফোনালাপে তারা আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান ন্যাটো মহাসচিবকে আশ্বস্ত করেছেন যে, আঙ্কারা এই অঞ্চলের সংঘাতময় পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি জোর দিয়ে বলেন, কেবল সামরিক শক্তি নয়, বরং স্থায়ী শান্তি অর্জনের জন্য কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত শনিবার ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর এই গুরুত্বপূর্ণ ফোনালাপটি অনুষ্ঠিত হলো। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইতোমধ্যে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

ফোনালাপে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, জোটটি একটি নিরপেক্ষ ও সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সব মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া আলোচনায় এরদোয়ান জানান, আগামী জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। তুরস্ক এই সম্মেলনকে যথাযথ মর্যাদার সঙ্গে সফল করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন