ময়মনসিংহে ছাত্রের ‘গভীর ঘুম’: ডাকা হলো পুলিশ ও ফায়ার সার্ভিস

ময়মনসিংহে ছাত্রের ‘গভীর ঘুম’: ডাকা হলো পুলিশ ও ফায়ার সার্ভিস

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের একটি ছাত্রাবাসে দীর্ঘক্ষণ এক শিক্ষার্থীর ঘরের দরজা না খোলায় আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে ডাকতে হয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে শহরের সানকিপাড়া এলাকার একটি মেসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, ওই শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এবং বারবার ধাক্কা দিলেও কোনো শব্দ না আসায় সহপাঠীদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়। ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অঘটন ঘটেছে ভেবে তারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ওই শিক্ষার্থী অঘোরে ঘুমাচ্ছিলেন। বাইরের শোরগোল বা ডাকাডাকির কোনো শব্দই তাঁর কানে পৌঁছায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ জানায়, এটি কোনো দুর্ঘটনা বা অপরাধমূলক ঘটনা নয়। শিক্ষার্থী পুরোপুরি সুস্থ রয়েছেন। স্রেফ গভীর ঘুমের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে সানকিপাড়া এলাকায় কিছু সময়ের জন্য ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হলেও শিক্ষার্থী সুস্থ থাকায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন