কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মহিলা মাদ্রাসা, বিপাকে ৮৫ ছাত্রী

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মহিলা মাদ্রাসা, বিপাকে ৮৫ ছাত্রী

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের 'উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায়' এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে মাদ্রাসার আসবাবপত্র, বইপুস্তক ও স্থাপনা পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, এই মাদ্রাসায় স্থানীয় এলাকার প্রায় ৮৫ জন ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করে। ছাত্রীরা দিনে ও সন্ধ্যায় পড়াশোনা এবং নামাজ শেষ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত ২টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় পুরো মাদ্রাসা ভবনটি ভস্মীভূত হয়ে যায়।

মাওলানা আরসাদুল ইসলাম আক্ষেপ করে বলেন, "আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো কোনো অর্থ আমাদের কাছে নেই। দ্রুত ঘর মেরামত বা নতুন ভবন নির্মাণ করতে না পারলে এই ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে।"

মাদ্রাসাটি পুনরায় চালু করতে এবং ছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন