ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দীর্ঘদিনের তীব্র শিক্ষক সংকট নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১ মার্চ) প্রেরিত এই আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন যে, বিভাগের বর্তমান ছয়টি সেশনে প্রায় ৩০০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক কর্মরত আছেন। ফলে নিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ এবং গবেষণা কার্যক্রমসহ সামগ্রিক একাডেমিক শৃঙ্খলা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালের পর গত আট বছর ধরে এই বিভাগে নতুন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের মধ্যে গভীর হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও গত ১৪ জুলাই ২০২৫ তারিখে চারজন শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়োগ স্থগিতের খবর এলেও এই বিভাগের নিয়োগে কোনো নির্দিষ্ট অনিয়মের তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আবেদনে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো প্রশাসনিক জটিলতা বা অনিয়ম থাকে, তবে তা দ্রুত আইনগতভাবে নিষ্পত্তি করা উচিত। কিন্তু সেই প্রক্রিয়ার অজুহাতে শিক্ষার্থীদের একাডেমিক জীবন স্থবির করে রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা প্রদানের দাবি জানিয়েছেন।
দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নীতিনির্ধারণী পর্যায় এবং মানবাধিকার সংস্থাসহ উচ্চতর কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পাশাপাশি আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন। তারা এই সংকটকে কেবল একটি বিভাগের সমস্যা হিসেবে না দেখে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার লড়াই হিসেবে বিবেচনা করার জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ