ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে প্রজ্ঞাপনটি জনসম্মুখে এলে স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) গত বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত ১১১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন পায়। পরবর্তীতে এ বছরের ২৪ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বিষটি নিশ্চিত করে জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থানীয় জনগণের পক্ষ থেকে হাজার হাজার স্বাক্ষর সংবলিত আবেদনের প্রেক্ষিতে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।
জিয়ানগর উপজেলা গঠনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৮০ সালের ২৮ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ইন্দুরকানী নৌ থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হয়। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৭ মার্চ নিকারের বৈঠকে ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের প্রস্তাব অনুমোদন পায়। ওই বছরের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুর সফরকালে এই নতুন উপজেলার উদ্বোধন করেছিলেন। সে সময় এই নামকরণের ক্ষেত্রে পিরোজপুর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০১৭ সালের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ‘জিয়ানগর’ নাম পরিবর্তন করে পুনরায় ‘ইন্দুরকানী’ করার অনুমোদন দেওয়া হয় এবং ৮ ফেব্রুয়ারি গেজেট জারি হয়। দীর্ঘ ৯ বছর পর বর্তমান সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে উপজেলার নাম পুনরায় তার আগের রূপে ফিরে পেল। গেজেট প্রকাশের পর থেকে এখন থেকে উপজেলার সকল দাপ্তরিক ও সরকারি কাজে ‘জিয়ানগর উপজেলা’ নাম ব্যবহৃত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ