কাতারে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল এক মাস

কাতারে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল এক মাস

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনাকর পরিস্থিতিতে কাতারে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে এই সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যেসব প্রবেশ ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাসের জন্য বর্ধিত হবে।

ভিসা নবায়ন প্রক্রিয়ার বিশেষত্ব:

  • সম্পূর্ণ ফ্রি: ভিসা নবায়নের জন্য কোনো ফি বা মাশুল দিতে হবে না।

  • স্বয়ংক্রিয় পদ্ধতি: ভিসা নবায়ন প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে কোনো দপ্তর বা দূতাবাসে যাওয়ার প্রয়োজন নেই।

  • জরিমানা সংক্রান্ত নিয়ম: গত ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আইন লঙ্ঘন (ওভারস্টে) হয়েছিল, তাদের অবশ্যই আগে নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর তারা এই এক মাস মেয়াদ বৃদ্ধির সুবিধা পাবেন।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় অনেক বিদেশি কাতার ছাড়তে পারছেন না। এই সংকটময় সময়ে দর্শনার্থী ও বাসিন্দাদের আইনগত বৈধতা নিশ্চিত করতেই কাতার সরকার এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ গ্রহণ করবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন