ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হোসাইনী খামেনেয়ীর শাহাদাত বরণে নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার উজিরপুর 'মসজিদ আল আবু তালিব (আ.)'-এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় দুই শতাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির বক্তারা বলেন, ইমাম খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তাঁর এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত পারভীন সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ইমাম খামেনেয়ী ইসলামের সর্বোচ্চ নেতা ছিলেন, তাঁকে হত্যা করা হয়েছে। এমনকি স্কুল ও ছোট শিশুদের ওপরও হামলা চালানো হচ্ছে। একটি মুসলিম দেশের ওপর কেন এভাবে নির্বিচারে হামলা চালানো হচ্ছে, আমরা তার বিচার চাই।"
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ইয়ানুর হুসাইন, মাওলানা মো. ওহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, রেশমা খাতুন ও জাকির হোসেনসহ অনেকে। মানববন্ধন শেষে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচিপোল চত্বরে গিয়ে শেষ হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ