তিন মহানগরীর নির্বাচনে প্রস্তুতি শুরু, ঈদের পর ভোটের ইঙ্গিত

তিন মহানগরীর নির্বাচনে প্রস্তুতি শুরু, ঈদের পর ভোটের ইঙ্গিত

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে চিঠি এসেছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রথম সভার তারিখ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ গত বছরের ১ জুন শেষ হয়েছে, ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন এবং চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ১২টি সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন