ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা ফেরাতে এবং জনকল্যাণমূলক প্রকল্পের তদারকিতে সরাসরি সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, আজ প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। সাধারণ মানুষের জন্য সরকার ঘোষিত এই বিশেষ সুবিধা যেন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি। গত কয়েক বছরের প্রথা ভেঙে সচিবালয়ে খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে নতুন উৎসাহ সৃষ্টি করেছে।
এর আগে গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মধ্য দিয়েই দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর কোনো প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে তাঁর নির্ধারিত দপ্তরে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন। গত এক দশকে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। গতকালের বৈঠকে তিনি মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ পরিচালনায় সততা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে সক্রিয় হয়ে ওঠায় প্রশাসনিক কাজে বড় ধরনের গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ