ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১: বসতবাড়িতে ভাঙচুর

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১: বসতবাড়িতে ভাঙচুর

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সানোয়ার হোসেন (৪০) নামে একজন গুরুতর আহত হয়ে ওসমানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১লা মার্চ বিকেলে উপজেলার ৬ঘট্টি ও পাঠশাও গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ঘট্টি গ্রামের শহিদুল ইসলাম ও একই এলাকার বিবাদী উজ্জ্বল গ্রুপের মধ্যে ২ একর ৯২ শতক আয়তনের একটি পুকুরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ঘটনার দিন বিকেলে শহিদুলের বড় ছেলে সানোয়ার হোসেন তার সঙ্গী সবুজ (৩৫) ও রুবেলকে (৩২) নিয়ে ওসমানপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঠশাও গ্রামের আল-আমিনের বাড়ির সামনে পৌঁছালে বিবাদীরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে বেদম মারপিট করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা কেবল মারপিট করেই ক্ষান্ত হয়নি; তারা শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা ও জানালা ভাঙচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সানোয়ারকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ওসমানপুর হাসপাতাল) ভর্তি করেন।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, विवादিত জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ১লা মার্চ বিকেলে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন