মণিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, শিশু গুরুতর আহত

মণিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, শিশু গুরুতর আহত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়লে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লাউড়ী চারের মাথা নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহত শিশু রাব্বি হোসেন দক্ষিণ লাউড়ী গ্রামের শুকুর মোড়লের ছেলে। ঘটনার সময় সে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি সুপারভাটার ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের শুকুর মোড়লের টিনের বসতবাড়িতে সজোরে আঘাত করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে দেয়াল ও ট্রাকের চাপে পিষ্ট হয়ে রাব্বি হোসেন মারাত্মকভাবে আহত হয়। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।

মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন