টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করলেন এমপি এস এম জিলানী

টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করলেন এমপি এস এম জিলানী

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জিলানী পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রত্যেককে পতিত জায়গাসহ বাড়ির চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত একটি করে ফলজ ও বনজ গাছ লাগানো উচিত।”

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। তাই আত্মনির্ভরশীল হতে ফলজ গাছের পাশাপাশি সবজি চাষের ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণের নির্দেশনা দেন।

উল্লেখ্য, এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি আশ্বাস দেন যে, গোপালগঞ্জের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন