ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন দুই ভাইয়ের বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ মন্ডল ও জামাত মন্ডলের বাড়িতে দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আব্দুস সামাদের স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে দুই ভাইয়ের তিনটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আগুনে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত আব্দুস সামাদ মন্ডল জানান, "মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। নগদ টাকা আর আসবাবপত্র কিছুই বাঁচাতে পারলাম না।" হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ