ঈদের আগে ভাতা পাবেন ৪৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

ঈদের আগে ভাতা পাবেন ৪৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সম্মানি ভাতা ও ঈদ বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সোমবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদে এই সম্মানি ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার এবং ১৯৮টি গির্জায় নিয়োজিত ধর্মীয় ব্যক্তিরাও এই সরকারি ভাতার আওতায় আসবেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় ব্যক্তিদেরও সম্মানি ভাতা দেওয়ার যে ঘোষণা ছিল, এটি তারই অংশ।

পাইলট স্কিমের অধীনে আগামী জুন মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে একটি করে মসজিদে খতিব সাহেবকে ৩ হাজার টাকা, ইমাম সাহেবকে ৫ হাজার টাকা এবং খাদেমকে ২ হাজার টাকা করে প্রতি মাসে সম্মানি ভাতা দেওয়া হবে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকে ১ হাজার টাকা করে বিশেষ ঈদ বোনাস পাবেন।

উপদেষ্টা আরও জানান, বর্তমানে এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামী চার বছরের মধ্যে সারা দেশের সাড়ে তিন লাখ মসজিদ এবং ৪৪ হাজার মন্দির, প্যাগোডা ও গির্জাকে এই ভাতার আওতায় আনা হবে। জুনের পর থেকে পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন