ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক প্রয়াণে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ফারহানা ভাট। মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর খবরে বিশ্বজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তার ঢেউ লেগেছে ভারতশাসিত কাশ্মীরেও।
রিপোর্ট অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক যৌথ বিমান হামলায় খামেনির বাসভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ফারহানা ভাট খামেনিকে একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক ও 'মসীহ' (ত্রাতা) হিসেবে বর্ণনা করেছেন। তিনি আবেগপ্লুত হয়ে জানান, এই সংবাদ শোনার পর থেকে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন যে সাহরির পর আর ঘুমাতে পারেননি।
ফারহানা ভাট বলেন, খামেনির মৃত্যুতে অনেক কাশ্মীরিই শোকাহত। আন্তর্জাতিক রাজনীতিতে খামেনিকে নিয়ে নানা মত থাকলেও, কাশ্মীরের একটি বড় অংশের মানুষের সাথে তার গভীর আত্মিক ও ধর্মীয় যোগসূত্র ছিল। ফারহানার মতে, খামেনি মানুষের হৃদয়ে ও মনে চিরকাল অম্লান হয়ে থাকবেন এবং এই মর্মান্তিক ঘটনাটি কখনোই কাম্য ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে 'সফল' হিসেবে বর্ণনা করেছেন। ইরানের রাস্তায় বর্তমানে একদিকে যেমন শোকের মাতম দেখা যাচ্ছে, তেমনি বিশ্বের কিছু অংশে এই ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াও লক্ষ করা গেছে। খামেনির প্রয়াণে ইরান সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ