ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে প্রথম আলো। সোমবার (২ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক ও বালিকা কামিল মাদ্রাসার প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থীর জন্য এই বিশেষ আয়োজন করা হয়।
মাদ্রাসা দুটি রহমতে আলম ইসলাম মিশন দ্বারা পরিচালিত, যার অধীনে ছেলে ও মেয়েদের জন্য পৃথক এতিমখানা রয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে আয়োজিত এই ইফতারে ছিল খেজুর, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। ইফতার পরবর্তী রাতের খাবার হিসেবে শিক্ষার্থীদের কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়।
ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম বলেন, "প্রথম আলো আমাদের প্রতিবেশী এবং তারা প্রতি রমজানেই এভাবে শিক্ষার্থীদের মেহমানদারি করে। এই মহতী উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।" মোনাজাতে দেশ ও জাতির কল্যাণসহ ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলো পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বালক মাদ্রাসার ইফতার আয়োজনে প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, মানবসম্পদ বিভাগের প্রধান মো. শামীম খান, হেড অব ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে, মহিলা মাদ্রাসার আবাসিক ভবনে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইনসহ নারী কর্মীরা।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে প্রথম আলো নিয়মিতভাবে রমজান মাসে এতিম শিশুদের মাঝে ইফতার ও খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ