সরকারি নিয়োগে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

সরকারি নিয়োগে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: ইসলামী মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কওমি আলেমদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন কক্সবাজার-০৩ (সদর, রামু-ঈদগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক ‘মাহে রমযানের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘকাল ধরে আলেম-ওলামারা বৈষম্য ও অবজ্ঞার শিকার হয়েছেন। বর্তমান সরকার তাদের অবদানের স্বীকৃতি দিতে যত্নবান। বিশেষ করে সরকারিভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসা শিক্ষাধারায় শিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ।

বক্তব্যের শুরুতেই এমপি কাজল শাপলা চত্বরে হতাহতদের স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, রমজানের আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি একটি নিরাপদ ও সম্প্রীতির জেলা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ আব্দুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। সভায় উপস্থিত বক্তারা মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ড. হারুন আজিজী নদভী, এবি পার্টির শামসুল হক শারেক, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন