ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার, তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ

ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার, তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

তারেক রহমানের এই নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাধিক্য অর্জনকারী দল বিএনপির নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের বিষয়েও রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন।

নতুন সরকার গঠনের ফলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং এ বিষয়েও একটি গেজেট জারি করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বিএনপি ২৯৯টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার ক্ষমতায় থাকলেও দীর্ঘ ২০ বছর পর এটি বিএনপির চতুর্থবার সরকার গঠন। তারেক রহমানের এই অভিষেককে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন