প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন এবিএম আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন এবিএম আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার। প্রশাসনের ৮২ ব্যাচের এই দক্ষ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে এবিএম আব্দুস সাত্তারকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সকল কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক একটি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসনের অভ্যন্তরে অত্যন্ত সজ্জন ও মেধাবী কর্মকর্তা হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

এবিএম আব্দুস সাত্তারের দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দীর্ঘ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তার এই অভিজ্ঞতা প্রশাসনের গতিশীলতা আনয়নে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে একজন অভিজ্ঞ ও চৌকস কর্মকর্তার নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন