ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ ১৮ মাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টেনে বন্ধ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Adviser GOB (Head of the Government)’। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পেজটিতে দেওয়া এক বিদায়ী বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে দেওয়া ওই পোস্টে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই ভেরিফাইড পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, "গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।" উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে এই পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে এতে ৪৪ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হয়েছে নতুন এক পরিবর্তন। বিকেলের বর্ণাঢ্য এক অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদের অবসান ঘটে।
একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের পরিচালনায় প্রথমে বিএনপি এবং পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন। আজ (বুধবার) থেকে নতুন সরকারের পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে, যার প্রথম অংশ হিসেবেই বিদায়ী অন্তর্বর্তী সরকারের অনলাইন প্রচার মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ