ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রমজানের শুরুতেই পেঁয়াজের বাজারে আগুন; কেজিতে বেড়েছে ১৫ টাকা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও অতিরিক্ত চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চড়া দামের এই চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে গত কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আকারে একটু ছোট পেঁয়াজ ৫৫ টাকায় পাওয়া গেলেও ভালো মানের কোনো পেঁয়াজই ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না।
পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমকে বলেন:
“আজকে নয়, গত দুই-তিন দিন ধরেই পেঁয়াজের দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। রমজানকে কেন্দ্র করে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।”
খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বা মোকামে কয়েক দফায় দাম বাড়ায় তারা নিরুপায় হয়ে বাড়তি দামে বিক্রি করছেন। অন্যদিকে, বাজারে আসা সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের সিন্ডিকেট ও রমজান এলেই দাম বাড়ানোর প্রবণতাকে দায়ী করছেন। মারুফ হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন:
“রমজান এলেই ব্যবসায়ীদের ক্রেতাদের পকেট কাটার ধান্দা থাকে। গত সপ্তাহে আমি ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আর আজকে দাম চাচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।”
একই সুরে আক্ষেপ প্রকাশ করেন রিকশাচালক মো. শুক্কুর আল আমিন। তিনি জানান, কয়েক দিন আগে ভ্যান থেকে ৫০ টাকায় কিনলেও এখন বাড়তি দাম দিয়েই তাকে কিনতে হবে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সাধারণ ভোক্তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ