বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ ভারত: রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গঠিত নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মুখপাত্র আরও বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে আমরা বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী। আমরা নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করতে এবং দ্বিপাক্ষিক বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে উন্মুখ।" ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে, লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাঁকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। মোদি তাঁর চিঠিতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে কানেক্টিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং জনগণের সঙ্গে জনগণের মেলবন্ধন বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন মোদি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের সংসদের ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর গত মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ভারতের পক্ষ থেকে এই দ্রুত অভিনন্দন ও উচ্চপর্যায়ের প্রতিনিধি প্রেরণ দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এএনআই (ANI)

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন