ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার পরপরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পলি বেগম নামে এক সৌদি প্রবাসী নারী।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আলীনগর বস্তি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত পলি বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলি বেগম। সেখানে তিনি একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তাঁর পৈতৃক বসতবাড়ি দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই চক্রটি তাঁর পরিবারের ওপর নির্যাতন চালিয়ে তাঁদের উচ্ছেদের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পলি বেগমের বাড়িতে চড়াও হয়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং পলি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করায় পরিকল্পিতভাবে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
কমলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, হামলার খবর তারা পেয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ