/ সংস্কৃতি
আমিরুল ইসলাম
প্রকাশ:
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ

আনন্দ-উল্লাসে কেজেএফডির বৈশাখী মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

আনন্দ-উল্লাসে কেজেএফডির বৈশাখী মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আনন্দ-উল্লাস আর সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায় কর্মরত কিশোরগঞ্জ জেলার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা’ (কেজেএফডি)-র বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি ও ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর অপারেটিভ ডিরেক্টর ও নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাজহারুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরন জানান, সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার কারণে উৎসব-পার্বণেও পরিবারকে সময় দিতে পারেন না। তাই তাঁদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে। এই মিলনমেলায় কিশোরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী ও গ্রামবাংলার সুস্বাদু খাবারের সমাহার। মধ্যাহ্নভোজের মেন্যুতে ছিল সাদা ভাত, লতি চিংড়ি, মুড়িঘণ্ট, রুই মাছ ভাজা, আইড় মাছের কালিয়া, ডাল ও দধি। কিশোরগঞ্জের নিজস্ব সংস্কৃতির এই আয়োজন উপস্থিত সবাইকে স্মৃতিকাতর করে তোলে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন