ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের আগে থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, আগামী ২৮ ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবেন এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন। তবে সাকিব নিজে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁর ফেরা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। শুক্রবার এক টক শোতে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। সর্বশেষ আমেরিকায় গেলে তাঁর সঙ্গে কথা হয়েছে। সাকিব বলেছেন, তিনি খেলতে চান। এরপর বোর্ডের সকল পরিচালকের সম্মতিক্রমে আমরা তাকে বাংলাদেশ দলে ফেরাতে চেয়েছি।’
আইনি বিষয়ে আসিফ আকবর আরও জানান, সাকিবের মামলা ও অন্যান্য বিষয় নিয়ে তাঁর আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। বিসিবি খুব দ্রুততম সময়ে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে, রোববার বা সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে সাকিবের কেস ফাইল পৌঁছে যাবে।
এর ফলে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে নতুন এক ধাপ এগিয়েছে। আইনি জটিলতা নিরসন সাপেক্ষে আবারও মাঠে দেখা যেতে পারে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ