ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বাহরাইন থেকেও বাহিনী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে দেশটির নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) অবস্থান করছে।
তবে মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা এবং তেহরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে এই প্রত্যাহারকে একটি আগাম 'সতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে দেখা হচ্ছে।
ইরান ও আশপাশের বিস্তৃত অঞ্চল তত্ত্বাবধানকারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের মিশন প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর হামলা হলে এ অঞ্চলে শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে সাধারণত প্রায় ১০ হাজার সেনা অবস্থান করে। এটি এই অঞ্চলে মার্কিন বিমান অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ