ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ছাড়াই বিশ্বের শক্তিশালী দলগুলো যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত, তখন ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল অংশ না নিলেও, আগামী মাসে পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বিসিবি এই সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পা রাখবে। এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৩ ও ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির এবং দুপুর ২টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।
বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনে রাখতে সম্প্রতি ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করেছিল বিসিবি। সেই টুর্নামেন্ট শেষে বর্তমানে খেলোয়াড়রা বিশ্রামে থাকলেও পাকিস্তান সিরিজকে সামনে রেখে দুই-এক দিনের মধ্যেই তাদের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে দেখা যাবে। মূলত এই সিরিজ দিয়েই পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দে ফিরতে চায় বাংলাদেশ।
উল্লেখ্য, মার্চের এই ওয়ানডে সিরিজ শেষ করে পাকিস্তান দল ফিরে গেলেও এপ্রিলে আবারও বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের। সেই দফায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে পাকিস্তান দল বাংলাদেশে আসবে অন্য সংস্করণের ম্যাচ খেলতে। বর্তমানে ক্রিকেটহীন বাংলাদেশের দর্শকদের জন্য মিরপুরের এই তিন ওয়ানডে বাড়তি উন্মাদনা যোগ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ