আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে মহান শহীদ দিবস পালিত

আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে মহান শহীদ দিবস পালিত

সাখাওয়াত হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ এবং শিক্ষার্থীদের সচেতনতামূলক ব্যানার প্রদর্শন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। ব্যানারে ভাষা আন্দোলনের প্রতীকী চিত্র ও ১৯৫২ সালের মহান শহীদদের ত্যাগের মহিমা ফুটিয়ে তোলা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুর রহমান তার বক্তব্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছরই এ ধরনের কর্মসূচি পালন করা হয়। ভাষা শহীদদের আত্মত্যাগই আজ আমাদের বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পুরো আয়োজনজুড়ে খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দেশাত্মবোধক কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

এস.এইচ/সকালবেলা

মন্তব্য করুন