ডাকসু সদস্যদের একাংশের শ্রদ্ধা নিবেদন: ক্ষোভ প্রকাশ করলেন সর্বমিত্র চাকমা

ডাকসু সদস্যদের একাংশের শ্রদ্ধা নিবেদন: ক্ষোভ প্রকাশ করলেন সর্বমিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যদের একাংশ। তবে ডাকসুর সব সদস্যকে না জানিয়ে কেবল নির্দিষ্ট একটি অংশের এই শ্রদ্ধা নিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

শুক্রবার রাতে এক ফেইসবুক পোস্টে সর্বমিত্র চাকমা ডাকসু সদস্যদের একাংশের শ্রদ্ধা নিবেদনের ছবি প্রকাশ করে এই অভিযোগ তোলেন। ছবিতে দেখা যায়, ডাকসু সদস্য সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানসহ ছাত্রশিবির সংশ্লিষ্টরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। অভিযোগ উঠেছে, এই কর্মসূচির বিষয়ে ডাকসুর অন্যান্য সদস্য—ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া ও উম্মে সালমাদের কোনো তথ্য দেওয়া হয়নি।

সর্বমিত্র চাকমা তার পোস্টে বিদ্রূপাত্মকভাবে উল্লেখ করেন, তারা ডাকসুর সদস্য হওয়া সত্ত্বেও বিষয়টি জানতে পেরেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সরাসরি সম্প্রচারের মাধ্যমে। তিনি লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা এবং অন্যরা আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’ ডাকসুর মতো একটি প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের কার্যক্রমে এমন সমন্বয়হীনতা ও একপাক্ষিক আচরণের বিষয়টিকে অনেকে ভালোভাবে নিচ্ছেন না।

উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে ডাকসু সদস্যদের একাংশকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। ডাকসুর ভেতরকার এই বিভক্তি ও অভ্যন্তরীণ যোগাযোগহীনতা নিয়ে এখন বিশ্ববিদ্যালয়পাড়ায় ব্যাপক আলোচনা চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন