কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর আরোপ হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর আরোপ হবে না: প্রধানমন্ত্রী

সোমবার সচিবালয়ে জুয়েল রানার সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

এর আগে সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং তাঁর ব্যতিক্রমী কাজের ভূয়সী প্রশংসা করেন। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক জীবনমুখী কনটেন্ট তৈরি করে ব্যাপক আলোচনায় আসা জুয়েল রানার ‘চিত্ত মিডিয়া’ পেজটি চালুর মাত্র দেড় বছরের মধ্যে ৪৩ লাখের বেশি অনুসারী (ফলোয়ার) অর্জন করেছে। কনটেন্ট ক্রিয়েশনে এমন অনন্য ও চমৎকার কাজের স্বীকৃতিস্বরূপই তাঁকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।

গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের যে গুঞ্জন বা প্রস্তাবনা শোনা যাচ্ছিল, সে সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শোনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই খাতে কোনো ধরনের কর আরোপ না করার বিষয়ে নিজের স্পষ্ট মত তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে জুয়েল রানা বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা (কর আরোপ) হতে পারে না’।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, তারা দেশের টাকা পাচার করে না, বরং মাথার ঘাম পায়ে ফেলে দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে।

আলোচনাকালে জুয়েল রানা প্রধানমন্ত্রীর কাছে যুক্তি তুলে ধরে বলেন, কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি বা টাকা পাচার করে না, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিট্যান্স নিয়ে আসে; তাই তাদের প্রতি সরকারের আরও বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। জুয়েল রানার এই যৌক্তিক বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করে বলেন, “অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।”

তবে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফের এই মৌখিক আশ্বাসের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কোনো বিভাগ বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা প্রজ্ঞাপন (জিইউ) জারি করা হয়নি।

মন্তব্য করুন