সন্তানদের সুরক্ষায় আমরা সচেতন নই: ডেপুটি স্পিকার

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
সন্তানদের সুরক্ষায় আমরা সচেতন নই: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার-ইউনিসেফ সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে আমরা এখনো যথেষ্ট সচেতন নই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনস্থ কার্যালয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ (UNICEF) বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে দেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই বাংলাদেশে শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের নিরলস প্রচেষ্টাকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান। তিনি আরও উল্লেখ করেন, যে সব সংসদ সদস্যগণ শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে জাতীয় সংসদে নিয়মিত বক্তব্য ও মতামত রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে একটি ফলপ্রসূ ও কার্যকর আলোচনা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিশুদের কল্যাণে রাষ্ট্রের বাজেট বরাদ্দের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি নয়, বরং তার সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সাক্ষাৎকালে শিশু অধিকার রক্ষা, শিশুবান্ধব নীতি প্রণয়ন, জাতীয় বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউনিসেফের সোশ্যাল পলিসি চিফ বলেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও যৌথ গোলটেবিল আলোচনার অত্যন্ত প্রয়োজন রয়েছে।

বৈঠকে ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন