মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: জেলায় এখন পুরোদমে চলছে আমের মৌসুম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থানা রোডের ফলের আড়তগুলোতে এখন যেন আমের মেলা বসেছে। মৌসুমের শুরুতে বাগান থেকে আসতে শুরু করেছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোপালভোগ ও খিরসাপাতসহ বিভিন্ন জনপ্রিয় জাতের সুমিষ্ট আম।
কোটচাঁদপুরের এই ফলের আড়তগুলো এখন ব্যস্ত সময় পার করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন আম কিনতে। একইভাবে, এখান থেকে প্রতিদিন ট্রাকযোগে আম ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, বর্তমানে এলাকায় ১০০টিরও বেশি আমের আড়ত চালু রয়েছে এবং এই বাজার থেকে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লক্ষাধিক টাকার আম কেনা-বেচা হচ্ছে।
তবে আমের বাম্পার ফলন হলেও আনন্দ নেই চাষিদের চোখে-মুখে। বাজারে আমের দাম অস্বাভাবিক কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আকার ও মানভেদে আম পাইকারি বিক্রি হচ্ছে মাত্র ৮ টাকা থেকে শুরু করে ১০, ১৫, ২৫ এবং সর্বোচ্চ ৫০ টাকা কেজি দরে। দামের এমন ধসের কারণে উৎপাদন খরচ ওঠানো নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা।
এমন পরিস্থিতি চলতে থাকলে আগামীতে আম চাষে আগ্রহ হারানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, আম সংরক্ষণের ব্যবস্থা বা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা গেলে চাষিরা হয়তো তাদের কষ্টের ফসলের ন্যায্যমূল্য পেতেন।
এআইএল/সকালবেলা