শ্রীপুরে জমি বিরোধে হামলায় যুবক নিহত

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
শ্রীপুরে জমি বিরোধে হামলায় যুবক নিহত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আজিজুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত অভিযুক্ত শামীম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আজিজুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফ মিয়ার ছেলে। পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাইটালবাড়ি গ্রামে আজিজুল ইসলামের বাড়ির আঙিনায় এই হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী শামীম, ফকির, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র, দা, লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আজিজুল ইসলামের মাথায় আঘাত করে এবং রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বৃদ্ধ মা কমলা খাতুনসহ আরও কয়েকজন হামলার শিকার হয়ে আহত হন।

হামলার পর গুরুতর আহত আজিজুল ইসলামকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম বলেন, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করাসহ একাধিকবার হুমকি দিয়ে আসছিল। পরিকল্পিত হামলায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা জড়িত সবার ফাঁসি দাবি করছি।” এদিকে মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিহতের স্বজন ও ক্ষুব্ধ স্থানীয়রা জড়িতদের ফাঁসির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে শামীম নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে এবং তদন্ত শেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন