মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু হয়েছে। জসিম উদ্দীনের ৮ মাস বয়সী একমাত্র পুত্র সন্তান আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শিশু আয়ান মারাত্মকভাবে হাম রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।
শিশু আয়ানের অকাল মৃত্যুর খবরে পুরো কাউনিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও নিকটাত্মীয়রা শোকে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ঢাকা থেকে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এআইএল/সকালবেলা