তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় গতকাল ১ জুন থেকে টানা তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞা চলাকালীন জেলে, বাওয়ালি, মৌয়ালি, গোলপাতা সংগ্রহকারী থেকে শুরু করে কোনো পর্যটক সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই ফরেস্ট রেঞ্জ।

চাঁদপাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস বলেন, “আমরা ৩১ মে রাত ১২টা থেকেই কঠোর অবস্থান নিয়েছি। অতিরিক্ত স্মার্ট পেট্রলিং ও আউটার ক্যাম্পগুলোকে নিয়মিত অতিরিক্ত টহলের আওতাভুক্ত করা হয়েছে, যাতে সুন্দরবনে কেউ অবৈধভাবে প্রবেশ এবং মৎস্য আহরণ করতে না পারে।”

নিষেধাজ্ঞার প্রথম রাতেই একটি সফল অভিযানের কথা জানিয়ে চাঁদপাই ফরেস্ট রেঞ্জ সহকারী মোস্তাকিম বিল্লাহ বলেন, “গত ১ জুন রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পশুর সংলগ্ন চারাখালির ভাড়ানির মুখে অভিযান চালিয়ে আমরা একটি ডিঙ্গি নৌকা দেখতে পাই। আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে বিষ প্রয়োগে শিকার করা আনুমানিক ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয় এবং রাতেই সেগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।”

বন বিভাগ স্পষ্ট জানিয়েছে, এই তিন মাস নিষেধাজ্ঞাকালে বনের অভ্যন্তরে যাওয়ার জন্য কোনো ধরনের পাস বা পারমিট ইস্যু করা হবে না। যদি কেউ অবৈধ উপায়ে বনে প্রবেশ করার চেষ্টা করে, তবে বন আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বনের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ টহল ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন