মুন্সীগঞ্জে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, পিতা-পুত্র আহত

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, পিতা-পুত্র আহত

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় ব্যবসায়িক পূর্ব বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ এবং তাঁর ছেলে দিহান ইসলাম (১২) কুপিয়ে আহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সৌদি আরব প্রবাসী মো. রাকিব (৩৮)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে রাজারচর এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবে অবস্থানকালীন দুই প্রবাসীর মধ্যে সৃষ্ট ব্যবসায়িক বিরোধের জের ধরেই দেশে এসে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে।

আহত রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করে বলেন, “রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ঘরে ঢুকেই তারা আমার স্বামীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলাকারীরা আমার ছোট ছেলেকেও ছাড়েনি, চাপাতি দিয়ে তার পায়ে কুপিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল আমার স্বামীকে হত্যা করা।” তিনি আরও জানান, তাঁর স্বামী হামলাকারীদের চিনতে পেরেছেন, তবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকায় বিস্তারিত বলতে পারছেন না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে রফিকুল ইসলামকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে এবং আহত শিশু দিহানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন