ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), শহিদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক (২৫)। চালক ব্যতীত নিহত ৪ জনই একই পরিবারের সদস্য।

এই দুর্ঘটনায় গুরুতর আহত শিশুরা হলো— আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ওই প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, প্রাইভেটকারটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা ভেতরেই আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে চালকসহ মোট ৫ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, "ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। প্রাইভেটকারের চালক গাড়ির সামনের অংশে মারাত্মকভাবে আটকে ছিলেন। পরে হাইড্রোলিক কাটার মেশিন ব্যবহার করে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়।"

আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যশোরগামী প্রাইভেটকারটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি হাইওয়ে থানা হেফাজতে জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে।"

এদিকে, একই পরিবারের চারজনসহ একসঙ্গে পাঁচজনের এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও ঝিকরগাছার উজ্জ্বলপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আই.ডি/সকালবেলা

মন্তব্য করুন