আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় ইসরায়েলি মন্ত্রী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানিমূলক প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
বুধবার (১৩ মে) ইসরায়েলি মন্ত্রী ইসহাক ওয়াসারলাফ এবং বসতি স্থাপনকারীদের একটি দল এই পবিত্র চত্বরে প্রবেশ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে বসতি স্থাপনকারীদের এই অনুপ্রবেশের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে, মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসার ঐতিহাসিক ও আইনি মর্যাদা লঙ্ঘনকারী এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা এবং অস্থিরতাকে আরও গভীর করার ঝুঁকি তৈরি করে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার রক্ষা এবং পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তুরস্ক।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের বার্ষিকী পালনের মাত্র দুই দিন আগে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। মন্ত্রী ইসহাক ওয়াসারলাফ উগ্র ডানপন্থী দল 'ওজমা ইহুদিত'-এর সদস্য, যার নেতৃত্বে রয়েছেন বিতর্কিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। কট্টরপন্থী ইসরায়েলি গোষ্ঠীগুলো বৃহস্পতিবার জেরুজালেমে একটি 'পতাকা মিছিল' করার পরিকল্পনা করেছে এবং পবিত্র চত্বরে আরও বড় ধরনের অনুপ্রবেশের ডাক দিয়েছে।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা