পরকীয়া প্রেমিকের প্রতারণা, চা শ্রমিকের আত্মহত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
পরকীয়া প্রেমিকের প্রতারণা, চা শ্রমিকের আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরের দিকে বাবার বাড়ির রান্নাঘরের তীরের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের হাতে লেখা একটি চিরকুটও জব্দ করেছে।

নিহত ময়না গঞ্জু বড়লেখার মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সুকিন্দর গঞ্জুর স্ত্রী ছিলেন। দীর্ঘ ১৫-১৬ বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় পারিবারিক কলহের জেরে প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়িতে থাকাকালীন বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে ময়নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, উদ্ধারকৃত চিরকুটে প্রেমিকের নামসহ ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন