ইয়র্কশায়ারে যোগ দিলেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
ইয়র্কশায়ারে যোগ দিলেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ

ক্রীড়া ডেস্ক : কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘ভাইটালিটি ব্লাস্ট’ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল সাদারল্যান্ড। তার স্থলাভিষিক্ত হিসেবে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে নিয়েছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

৩২ বছর বয়সী ফাহিম আশরাফ কেবল ভাইটালিটি ব্লাস্টেই নয়, কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি রাউন্ডেও ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামবেন। আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের উদ্বোধনী ব্লাস্ট ম্যাচের আগেই তিনি দলে যোগ দেবেন। এছাড়া জুনে ওয়ারউইকশায়ার ও লিসেস্টারশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচেও তার খেলার সম্ভাবনা রয়েছে।

ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ফাহিম বলেন, “ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমার অনেক পাকিস্তানি সতীর্থ এই ক্লাবে খেলেছেন এবং এখানকার পরিবেশ ও মান নিয়ে প্রশংসা করেছেন। আমি হেডিংলিতে পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

পাকিস্তানের হয়ে ৮৫টি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি বিগ ব্যাশ, বিপিএল ও ব্লাস্টে খেলার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ফাহিমের। সম্প্রতি তিনি পিএসএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

ইয়র্কশায়ারের ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন বলেন, “ফাহিম একজন অভিজ্ঞ মাল্টি-ফরম্যাট খেলোয়াড়। লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও তিনি দলের জন্য অত্যন্ত কার্যকর হবেন।”

এর আগে ফাহিম কাউন্টি ক্রিকেটে নর্থ্যান্টস এবং সাসেক্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন