নিজস্ব প্রতিবেদক: দেশের চিকিৎসাক্ষিক্ষার প্রসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে নতুন করে ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়। এই নতুন সংযোজনের ফলে দেশে বর্তমানে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টিতে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর, সংশ্লিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ সকল প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ সচল রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরও ছয়টি এবং নৌবাহিনীর অধীনে একটি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।
তথ্য মতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৬ হাজার ১টি আসন রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী ও সামরিক বাহিনী পরিচালিত মেডিকেল কলেজগুলোর ৩২৫টি আসনসহ সর্বমোট ১১ হাজার ৫২৬টি আসনে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালু হলে এই আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এ.আই.এল/সকালবেলা