আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা

পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় বুধবার দিবাগত রাতে মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পাশে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। সেখানে মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. শুভেন্দু রায় জানান, নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের ছোট বোন শাহিনুর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ধারণা, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে, কারণ নিহত মনোয়ার দীর্ঘ দিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন