মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: তুচ্ছ পারিবারিক কলহ ও ক্ষণিকের অভিমানে ঝিনাইদহে সুবর্ণা (৩০) নামে এক পরিচিত নৃত্যশিল্পী ও মডেল আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের মাস্টার পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সুবর্ণা দীর্ঘদিন ধরে স্বামী পাভেল ও সন্তানসহ মাস্টার পাড়ার ওই বাসায় বসবাস করে আসছিলেন। শৈলকুপা উপজেলার ভাটাই বাজার এলাকার স্থায়ী বাসিন্দা এই শিল্পীর সাথে বুধবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর কথা কাটাকাটি হয়। সুবর্ণার স্বজনদের ভাষ্যমতে, বাগ্বিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে সুবর্ণার ছেলেকে নিয়ে তাঁর বাবা পাশের রুমে যান। এই সুযোগে সুবর্ণা নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে স্বজনরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে সুবর্ণার মৃত্যু হয়।
নিহত সুবর্ণা জেলায় দক্ষ নৃত্যশিল্পী ও মাল্টিমিডিয়া মডেল হিসেবে বেশ পরিচিত ছিলেন। স্ত্রীর এমন সিদ্ধান্তে দিশেহারা স্বামী পাভেল জানান, সামান্য মনোমালিন্য থেকে সুবর্ণা যে এমন চরম পথ বেছে নেবেন, তা তিনি কল্পনাও করতে পারেননি।
পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা