কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে রোগীদের সাথে কথা বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজন করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই কর্মসূচির আয়োজন করে। এই ক্যাম্প থেকে স্থানীয় বস্তিবাসীদের বিনামূল্যে হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
উদ্বোধন শেষে ডা. জুবাইদা রহমান সরাসরি বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁর সাথে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ ড্যাব ও দলীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি গণমাধ্যমকে দেওয়া তথ্যে জানা গেছে, কড়াইল বস্তির এই ক্যাম্পে কয়েকশ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। ডা. জুবাইদা রহমান সেখান থেকে সরাসরি ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় নারীদের বিভিন্ন স্ত্রী-রোগ ও সাধারণ স্বাস্থ্য সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
জেডআরএফ-এর কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সারা বছরই দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়। তবে রাজধানীর বৃহত্তম এই বস্তিতে হৃদরোগের মতো ব্যয়বহুল চিকিৎসার প্রাথমিক পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান। দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পে কয়েক ডজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।