সকালে নাস্তা না খেলে কী হয় শরীরে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
সকালে নাস্তা না খেলে কী হয় শরীরে

লাইফস্টাইল ডেস্ক: সকালের নাস্তা বা ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার—প্রচলিত এই ধারণাটি নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে সাম্প্রতিক কিছু গবেষণা। নতুন এই গবেষণা অনুযায়ী, সকালে নাস্তা না খাওয়ার অভ্যাস বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকা (ইন্টারমিটেন্ট ফাস্টিং) শরীরের জন্য বেশ কিছু ক্ষেত্রে চমকপ্রদ সুফল বয়ে আনতে পারে।

নিয়মিত সকালে নাস্তা না খাওয়ার অভ্যাস টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, বয়সজনিত স্নায়বিক অবক্ষয় এবং প্রদাহজনিত অন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর 'কিটোজেনিক' অবস্থায় প্রবেশ করে। এতে জমানো চর্বি শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। উপবাসের সময় শরীরে 'অটোফ্যাজি' নামক একটি কোষীয় প্রক্রিয়া সক্রিয় হয়। এটি শরীরের মৃত ও ক্ষতিগ্রস্ত কোষগুলো পরিষ্কার করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে, যা অকাল বার্ধক্য রোধে কার্যকর। অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, সকালে নাস্তা না খেলে তারা মানসিক স্বচ্ছতা ও কাজে অধিক মনোযোগ অনুভব করেন।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নাস্তা খাওয়া বা না খাওয়া বিপাকক্রিয়ায় (মেটাবলিজম) বড় কোনো পরিবর্তন আনে না। তবে অতিরিক্ত ওজন সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ক্যালরি নিয়ন্ত্রণ করতে এটি কার্যকরী হতে পারে। এছাড়া এটি ইনসুলিন রেজিস্ট্যান্স ও শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি দেয়।

তবে গবেষকরা সতর্ক করেছেন যে, যেকোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে বিশেষ করে যারা ইনসুলিন বা অন্যান্য ওষুধ নিচ্ছেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন