অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র দুই সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে পারে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ।

রবিবার তামিলনাড়ুর নতুন অভিনেতা-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রযোজক জানান, সিনেমাটি মুক্তির জন্য বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) ছাড়পত্র পাওয়ার শেষ ধাপের কাজ চলছে। তিনি বলেন, ‘চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছি। আমরা এই প্রজেক্টটি নিয়ে খুবই খুশি ও উত্তেজিত।’

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বর্তমানে সেখানকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিজয়ের অনুকূলে রয়েছে। নির্বাচনের আগেই বিজয় ঘোষণা করেছিলেন যে, ‘জন নয়াগণ’-ই হবে তাঁর অভিনীত শেষ সিনেমা। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন। রবিবার সেই বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়ে প্রযোজক বলেন, ‘বিজয় স্যার অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তিনি যা বলেন, তা করে দেখান।’

মুক্তির আগে সিনেমাটি বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। সম্প্রতি পুরো সিনেমাটি অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রযোজক এই ঘটনাগুলোকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বিদায়ী এই সিনেমাটি ঘিরে এখন ভারতজুড়ে ভক্তদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন