মোঃ তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দ্বীপনগর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি চৌকস টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বিরল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক প্রতিরোধে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এ.আই.এল/সকালবেলা