সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী; মারা গেছেন ১২ জন

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী; মারা গেছেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১১ মে) পর্যন্ত ১৩২টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন ও হজ অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৩২টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের অনুমতি রয়েছে। অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে পরবর্তী ফ্লাইটগুলোতে দেশ ছাড়বেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। এদিকে, সৌদি আরবে থাকা মেডিকেল টিম ও আইটি হেল্পডেস্কের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার হজযাত্রীকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এ বছর মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে এ বছরের আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু হয়েছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে সব হজযাত্রীকে সৌদি আরব পৌঁছানোর কাজ চলমান রয়েছে।

মন্তব্য করুন