মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহীর চারঘাটে অপহৃত স্কুলছাত্রী মোসা. উমাইয়া বুশরাকে (১৪) ১১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির অভিযোগ তুলে
রোববার (১০ মে) সকালে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন নিখোঁজ ছাত্রীর বাবা-মা।
উমাইয়া বুশরা চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে এবং নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। এ ঘটনায় চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
বুশরার বাবা-মায়ের অভিযোগ, তদন্তের একপর্যায়ে মামলা গ্রহণ ও কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়ে পুলিশের এক সদস্য তাঁদের কাছ থেকে অর্থ নিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পর কোনো সহায়তা না করে বরং অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করার জন্য পরিবারকে চাপ দেওয়া হচ্ছে। পরিবার দাবি করেছে, স্থানীয় প্রভাবশালীদের মদদে বুশরাকে উদ্ধার করতে দিচ্ছে না একটি চক্র।
নিখোঁজ ছাত্রীর মা সেলেনা বেগম বলেন, “দশটি দিন পার হলেও মেয়েটা কোথায়, কী অবস্থায় আছে—আমরা জানি না। প্রতিটি রাত আমাদের জন্য আতঙ্কের।” পরিবার এখন অবিলম্বে বুশরাকে উদ্ধার, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষে পুলিশ সুপার ছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। পুলিশি গড়িমসির এই অভিযোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
এ.আই.এল/সকালবেলা